কক্সবাজারের উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে গত এক বছরে ৫১ লাখ ৯০ হাজার ২৭ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা।
২০২১ সালের জানুয়ারি থেকে চলতি ২০২২ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসব অভিযানে আটক করা হয়েছে ২১৬ জন পাচারকারীকে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির। বিজিবির হিসেব মতে, ৫১ লাখ ৯০ হাজার ২৭ পিস ইয়াবার মূল্য ১৫৫ কোটি টাকা।
উখিয়া ও নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত এলাকাসহ নিজেদের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বশেষ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে এক অভিযানে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে চোরাকারবারিরা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। সীমান্তে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় বিজিবি ২০ রাউন্ড গুলি ছুঁড়ে। একপর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোসাইন কবির বলেন, সীমান্তে মাদক চোরাচালান ও মানব পাচার ঠেকাতে নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার রেখেছে বিজিবি। তারপরও নানা কৌশলে দেশে ইয়াবা ঢুকাচ্ছে পাচারকারীরা। তবে তার চেয়ে বহু গুণ চালান পাচার প্রতিরোধ করছে বিজিবি।