শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

ব্যান্ডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে ২ ভাই নিহত


DhakaReport24.com || 2023-01-17 09:38:30
ব্যান্ডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে ২ ভাই নিহত

কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। 

সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া প্রাথমিক  বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকার আবদুল হামিদ মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (২৮) ও নুরুল হুদা জুনু ড্রাইভারের ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৩০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, ঝিলংজা প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে রাতে খেলছিল একদল কিশোর। সে সময় কায়সার ও সাইদুল গিয়ে কিশোরদের ব্যাট নিয়ে খেলার চেষ্টা চালান। তখন এলাকার খলিলুর রহমানের ছেলে আতিক নামে এক কিশোর তাদের সঙ্গে অশালীন আচরণ করলে কায়সার ও সাইদুল তাকে মারধর করেন। এর পর আতিক বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বড় ভাই জয়নাল, কামাল ও চাচাতো ভাই মিজানসহ অন্যরা ধারালো দা, ছুরি নিয়ে বের হন। পথে কায়সার ও সাইদুলকে পেয়ে তাদের ওপর হামলা চালান তারা।

একপর্যায়ে দুজনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান কায়সার ও সাইদুল।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, ছুরিকাহত হওয়া তিনজনকে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। হামলাকারিদের ধরতে লারপাড়ায় অভিযান চালাচ্ছে পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম