নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গরু চুরি করে পালাতে গিয়ে গাড়ি উল্টে মো. নাছির (৪০) নামে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট-সোনাপুর সড়কের সুলতাননগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাছির চট্টগ্রামের বাঁশখালী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে রুবেল ও হাতিয়ার পশ্চিম বড়দেইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাহাত।
চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পিকআপভ্যান, ৩টি জীবিত গরু ও ১টি মৃত গরু জব্দ করা হয়েছে।
ওসি বলেন, আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য ভোরে উপজেলার পরিষ্কার বাজার এলাকার সিরাজুল ও সেলিমের বাড়ি থেকে ৪টি গরু চুরি করেন। পরে গরুবোঝাই গাড়িটি সুলতাননগর গ্রামে পৌঁছালে পিকআপটি উল্টে যায়। এসময় গাড়িচাপায় নাছির নিহত হন ও ১টি গরু মারা যায়।
তিনি আরও বলেন, ২জন গুরুতর আহত হওয়ায় তারা ঘটনাস্থল থেকে পালাতে পারেননি। আহতদের আটক করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম