নোয়াখালীর সোনাইমুড়ীতে এক হাজার দুইশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,ফেনী জেলার গজারিয়া কান্দি গ্রামের পাঠান বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে আব্দুল লতিফ (৩৮) ও অপর আসামি চট্রগ্রামের ফটিকছড়ির নানপুর কিপাত নগর গ্রামের রঞ্জিত শীলের স্ত্রী পাপড়ি শীল (৩০)।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের মদিনা মসজিদের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আটককৃতদের থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম