নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম নিজ দলের নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, ‘আমি হুমকু দিয়ে দিচ্ছি দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছুই হবে না, আপনার যদি পারেন আপনার গণপিটুনি দিয়ে মেরে ফেলেন আমি হুকুম দিয়ে দিছি’।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ৫৩ সেকেন্ডের এমন একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। এমপির এমন আক্রমনাত্মক নির্দেশকে আইন শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন স্থানীয় লোকজন।
শুক্রবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন তিনি। এরআগে বিকেল সাড়ে ৫টায় ওই মাঠে দেওটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিম।
স্মরণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, আ.লীগ নেতা কিং মোজাম্মেল, আবুল খায়ের, জামাল উদ্দিন, বেলাল পাটোয়ারি প্রমুখ।
এ বিষয়ে জানতে সাংসদ এইচ এম ইব্রাহিম এর ব্যবহৃত মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেন নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম