নোয়াখালীর সুবর্ণচরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে নিখোঁজ এক দিন পর এক স্কুলছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নিহত মো. সিপাত হোসের (১৬) নিখোঁজ হয়। সে স্থানীয় লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার কেরামতপুর গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে ওই স্কুলের ছাত্রের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা ।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) থেকে সিপাত নিখোঁজ। কিন্তু এ বিষয়ে তার পরিবার থেকে কাউকে কিছু জানানো হয়নি। শুক্রবার ভোররাতে সিপাতের মা ফজরের নামাজ পড়তে উঠলে ভোর সাড়ে ৫টার দিকে বসত ঘরের পাশে থাকা পুকুরে তাঁর ছেলের মরদেহ ভাসতে দেখে। ওই সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে পুকুর থেকে সিপাতের মরদেহ উদ্ধার করে। স্থনীয় চরক্লার্ক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এনায়েত উল্যাহ নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন
চরজব্বর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের স্বজনদের ভাষ্য, সে মৃগীরোগে আক্রান্ত ছিল। মরদেহ থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।