নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকা থেকে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার কাছারি বাড়ির ভাড়া বাসা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
এর আগে বুধবার দিবাগত রাতে সে ওই ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত নারী শ্রমিকের নাম বিবি আয়েশা পিংকি (১৮) সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের দীন ইসলামের মেয়ে।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান
এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই কামরুজ্জামান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পিংকি চৌমুহনীর ডেল্টা জুট মিলে কাজ করত। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে টিনের ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একপর্যায়ে তার মা জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কারও সাথে তার প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। এর জের ধরে অভিমানে সে আত্মহত্যা করে। তবে নিহত কিশোরী কোন ফোন ব্যবহার করত না।
এসআই কামরুজ্জামান আরও জানান, নিহতের পরিবার তার প্রেমিকের বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম