লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (৩৬) ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম (৩৫) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দাবাজার নাগের হাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নোমান ও রাকিব মোটরসাইকেল নিয়ে পোদ্দারবাজার এলাকায় আসেন। রাকিব মোটরসাইকেলটি চালিয়ে নাগের হাট সড়কে প্রবেশ করলে ৩ থেকে ৪ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নোমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ রাকিবও গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিলেন।
একপর্যায়ে লোকজনের উপস্থিতি বাড়তে থাকলে সন্ত্রাসীরা দ্রুত রাকিবদের মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এরপর স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া রাকিবকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, নোমানের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে। এদিকে খবর পেয়ে রাতেই সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন, ঘটনাস্থলে র্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এদিকে নোমানের মৃত্যুর খবর শুনে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, সৈয়দ সাইফুল হাসান পলাশ, সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, যুবলীগ নেতা মাহবুবুল হক, মাসুম মোল্লা ও তফসির আহমেদ হাসপাতালে ছুটে যান।
ঢাকা রিপোর্ট ২৪.কম/জাক/আরএএম