লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার সময় রাসেল ইকবাল নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় ট্রাফিক চত্বরে স্থাপিত ম্যুরালটির ভাঙার সময় তাকে আটক করে স্থানীয় লোকজন।
পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।রাসেল সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামের মো. হানিফের ছেলেপ্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঘটনার সময় জেলা পরিষদের স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের চারপাশে থাকা কয়েকটি গ্লাস রাসেল লাঠি দিয়ে ভাঙছিলেন। আশপাশের লোকজন দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, হামলাকারী থানা হেফাজতে রয়েছে। কী কারণে ঘটনাটি ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি নিচক ঘটনা হিসেবে দেখা সমীচীন হবে না। আটক যুবককে রিমান্ডে এনে কার মদদে, কারা তাকে দিয়ে ঘটনা ঘটিয়েছে, তা বের করতে হবে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।
পরে সাংবাদিকদের প্রশ্নে রাসেল নিজেকে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলে জানায়। এ সময় রাসেল জানান, গোলাম আজমের ছেলের নির্দেশে তিনি বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন। তার সঙ্গে গোলাম আজমের ছেলের যোগাযোগ রয়েছে। এর জন্য কোনো টাকা নেওয়া হয়নি। এর সুফল তিনি কেয়ামতে পাবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম