ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রোহান মিয়া (১৬) ও জাবেদ মিয়া (২০)।
শনিবার (২৬ মার্চ) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ও সদর উপজেলার সুহিলপুর এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান মিয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের হামদু মিয়ার ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং জাবেদ মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। জাবেদ মিয়া পেশায় অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের পর এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি থেকে হবিগঞ্জ জেলার মাধবপুর যাচ্ছিল রোহান। মোটর সাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই রোহান মারা যায়।
অপর দিকে দুপুরে সুহিলপুর বাজার এলাকায় জাবেদ মিয়া রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চাপা দিলে আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।