শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

৪৭তম বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে বাকৃবিতে রেল অবরোধ


DhakaReport24.com || 2025-11-23
৪৭তম বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে বাকৃবিতে রেল অবরোধ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় অবাস্তব ও বৈষম্যমূলক সময় নির্ধারণের প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইন অবরোধ করেন। ফলে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস আটকা পড়ে। এর ফলে ঢাকা থেকে ময়মনসিংহগামী রেল চলাচল বন্ধ রয়েছে।

এসময় শিক্ষার্থীরা “সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “সময় চাই, সময়—যৌক্তিক সময় চাই” ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রেই আবার নতুন বৈষম্যের উদ্ভব হয়েছে। পূর্বের যেসব বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো, সেখানে এই বছর শুধুমাত্র নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের কোনো অযৌক্তিক দাবি নয়। পিএসসিকে এটি মানতেই হবে। যে পর্যন্ত পিএসসি এই সময় পরিবর্তন না করছে, সেই পর্যন্ত অবরোধ চলবে।

আরেক শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে, যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ চলমান রাখে, তাহলে আমাদের অবরোধও চলমান থাকবে।

ট্রেন যাত্রী তোফায়েল আলম বিরক্তি প্রকাশ করে বলেন, তাদের যা দাবি দাওয়া আছে প্রশাসনের সাথে আলোচনা করে সমাধান করুক। জনদুর্ভোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। ট্রেনে রোগী, বিদেশগামী যাত্রীর মতো জরুরি কাজে যাওয়ার জন্য লোক থাকে প্রায় দুই ঘন্টা যাবত আটকে আছি, যা প্রচন্ড বিরক্তিকর।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম