ভালুকায় বহুল আলোচিত কিশোর গ্যাং "অনিক গ্রুপ" এর প্রধান অনিককে গফরগাঁও থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর একটি দল। আটক কিশোর গ্যাং প্রধান অনিক (২০) উপজেলার রাংচাপড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ (১৮) এর সাথে কিশোর গ্যাং লিডার মোঃ অনিক (২০) এর বিরোধ চলছিল। আসামীগন প্রায়শ ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ (১৮) কে উত্যক্ত করছিল। ঘটনার দিন গত ১৮ মে, ২০২৩ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৪৫ ঘটিকার সময় ভালুকা পৌরসভার মেজরভিটা মোড় নামক এলাকায় আলোচিত কিশোর গ্যাং লিডার মোঃ অনিক (২০), তার সহযোগী নয়ন (১৯), ইফাত (১৯) সহ আরো ০৯ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামী ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ (১৮) এর পথরোধ করে গালাগালি শুরু করে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে, কিশোর গ্যাং লিডার মোঃ অনিক ধারালো দা দিয়ে ভিকটিমের মাথা লক্ষ্য করে কোপ মারে। উক্ত কোপ কাধে লাগলে ভিকটিম রক্তাক্ত গুরুতর জখম হয় এবং আসামী নয়ন (১৯) এবং অপরাপর আসামী ইফাত (১৯) ধারালো খুর দিয়ে যথাক্রমে ভিকটিমের গলায় ও পিঠে পোচ মেরে কাটা রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে, স্থানীয় লোকজন ভিকটিমকে মুগ্ধকে উদ্ধার করে স্থানীয় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে, গত ২২ মে ২০২৩ খ্রি. তারিখ ভিকটিমের পিতা মোঃ জাহাঙ্গীর আলম ফিরুজ (৬৫) বাদী হয়ে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মে, ২০২৩ খ্রি. তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন সান্দিয়াইন গ্রাম থেকে কিশোর গ্যাং লিডার অনিক (২০)কে গ্রেফতার করে এবং অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার না ঘটে সে প্রেক্ষিতে র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম