‘বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...’ এমনই কথার গানে রাতারাতি ইন্টারনেটে ভাইরাল হওয়া সে ভুবন বাদ্যকর এবার দুর্ঘটনার কবলে পড়েছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) নিজের বাড়ির সামনেই এ দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
জানা গেছে, সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড চার চাকার গাড়ি কিনেছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুরি গ্রামে সোমবার সন্ধ্যায় সেই গাড়ি চালানো শিখছিলেন তিনি। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। এতে তার বুকে এবং মুখে আঘাত লেগেছে। পরে বুকের এক্স-রে করানো হলে চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তা করার মতো তেমন কিছু হয়নি।
কাঁচা বাদাম গানের জন্য ভুবন বাদ্যকরের খ্যাতি এখন বিশ্বজোড়া। তানজানিয়া থেকে ফ্রান্স, অনেক বিদেশি ইউটিউবারও ওই গানে রিল বানিয়েছেন। বলিউড, টলিউডের একাধিক তারকা তার গানে নেচে ভিডিও বানাচ্ছেন। সম্প্রতি প্রতিযোগী হিসাবে দাদাগিরির মঞ্চেও যান ভুবন বাদ্যকর।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম