সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মানতে না পেরে ভোট পুনর্গণনার আপিল করেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তাকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
শনিবার (২৯ জানুয়ারি) আপিল করলে সন্ধ্যায় বিএফডিসিতে পুনরায় ভোট গণনা করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান।
এদিকে আপিল করেও ব্যর্থ হলেন নিপুণ। আর তাই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন গত দুই মেয়াদের সফল সাধারণ সম্পাদক জায়েদ খান।
আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জানান, সম্পাদকীয় পরিষদে ২৬টি নয়, ২৩টি ভোট নষ্ট হয়েছে। তিনটি ফাঁকা ছিল।
সোহান বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।
জানা যায়, ভোট পুনর্গণনার সময় আপিল বোর্ডের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী।
শনিবার (২৯ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।