১০০টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন অক্ষয়-টুইঙ্কল
DhakaReport24.com || 2021-04-29 02:34:30
ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেছে সাড়ে ৩ লাখ। ওষুধ ও অক্সিজেনের অভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না।
কোভিড আক্রান্তদের জন্য ১০০টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করলেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে টুইঙ্কেল নিজেই প্রকাশ্যে এনেছেন তাদের এই পদক্ষেপের কথা। সবাইকে অনুরোধ করেছেন নিজেদের সাধ্যমতো মহামারিকালে মানুষকে সাহায্য করার।
তিনি আরো জানিয়েছেন, পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে কয়েক সপ্তাহ কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন তিনি। তবে সেখান থেকে বেরিয়ে এসে এবার পুরোদমে কোভিডের বিরুদ্ধে লড়তে ময়দানে নেমেছেন অক্ষয়ের সাথে।
টুইঙ্কেল লিখেছেন, ‘বিগত কয়েক সপ্তাহে আমি অনেক কিছু উপলব্ধি করলাম। আমার নিজের পরিবারের সদস্যরা অসুস্থ হলেও আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। সকলকে অনুরোধ করছি, আপনারা সকলে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। ভবিষ্যতে অন্তত এটা যাতে বলা যায় যে, এই কঠিন সময় আমাদের মধ্যে থেকে সেরাটা বের করে এনেছে।’
দিন কয়েক আগেই গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থাকে ১ কোটি রুপি দান করেছেন অক্ষয়। সাবেক ক্রিকেটার-রাজনীতিবিদ জানিয়েছেন, সেই টাকায় অসহায়দের খাবার, ওষুধ ও অক্সিজেনের মতো জরুরি পরিষেবা দেয়া হবে।
এপ্রিল মাসের শুরুর দিকে অক্ষয় নিজেও কোভিড আক্রান্ত হয়েছিলেন। প্রথমে বাড়িতে আইসোলেশনে থাকলেও পরে হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেতাকে। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। -আনন্দবাজার পত্রিকা