রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

কী হয়েছিল দুর্ঘটনার দিন, জানালেন মালাইকা


DhakaReport24.com || 2022-04-22 13:54:15
কী হয়েছিল দুর্ঘটনার দিন, জানালেন মালাইকা

বলিউড মডেল-অভিনেত্রী মালাইকা কিছুদিন আগে ফ্যাশন ইভেন্ট থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।

মালাইকা জানান, দুর্ঘটনার পর শারীরিকভাবে অনেকটাই সুস্থ তিনি। কিন্তু মানসিকভাবে এখনো পুরোপুরি ঠিক হননি। এই অভিনেত্রীর ভাষায়, ‘এটি এমন একটা বিষয় যা আমি মনে করতেও চাই না। আবার ভুলতেও পারি না। শারীরিকভাবে আমি সুস্থ হয়েছি, কিন্তু মানসিকভাবে যে সম্পূর্ণভাবে সুস্থ হইনি তা বুঝতে পারি।

যদি সিনেমাও দুর্ঘটনা বা রক্ত দেখানো হয়, আমার চোখের সামনে সেদিনের দৃশ্য ভেসে ওঠে, তখন ভয়ে শিউরে উঠি। জানি নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং এক সময় ঠিকও হয়ে যাবো।’

দুর্ঘটনার সময় হতবাক ছিলেন মালাইকা। তিনি বলেন, ‘আমার মাথা ব্যথা করছিল এবং আমি শুধু জানতে চেয়েছিলাম আমি বেঁচে আছি কি না। অনেক রক্ত ক্ষরণ হয়েছিল, কী ঘটছে তা বোঝার জন্য অনেক হইচই হচ্ছিল। আমি প্রচণ্ড একটা ঝাঁকুনি অনুভব করেছিলাম এবং হাসপাতালে পৌঁছানো পর্যন্ত বাকিটা বুঝতে পারছিলাম না।’

গত ২ এপ্রিল একটি অনুষ্ঠান শেষ করে পুনে থেকে মুম্বাইয়ে বাড়ি ফিরছিলেন মালাইকা। মুম্বাইয়ের খোপোলির কাছে হাইওয়ের ওপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় মালাইকাকে হাসপাতালে ভর্তি করা হয়। কপালে সামান্য আঘাত পান তিনি। 

সিটি স্ক্যানের রিপোর্ট ভালো হওয়ায় ৩ এপ্রিল তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। প্রায় দু্ই সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর এই সপ্তাহের শুরুতে কাজে ফেরেন মালাইকা। সম্প্রতি প্রেমিক অর্জুন কাপুরকে নিয়ে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের পার্টিও যোগ দিয়েছিলেন তিনি।।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম