দীর্ঘ ১০ বছর পর মা হলেন লাকি বেগম (২৮) নামে এক গৃহবধূ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন তিনি। চার নবজাতকের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তান জন্ম দেন লাকি বেগম। জন্মের সঙ্গে সঙ্গে সুস্থ অবস্থায় চার শিশুকে চারটি বেডে রাখা হয়েছে। তবে, একসঙ্গে জন্ম নেওয়ায় তাদের ওজন কম হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মা লাকি বেগমকে আইসিইউতে রাখা হয়েছে।
লাকি বেগম কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী খাঁ বাড়ির ফাইজুর রহমানের স্ত্রী। তার স্বামী টেইলার্সের কাজ করে সংসার চালান। তিনি কুলিয়ারচর পৌর শহরের পশ্চিম গাইলকাটা মহল্লার মুছা মিয়ার মেয়ে।
লাকি বেগমের বড় ভাই হাবিবুল্লাহ জানান, ১০ বছর আগে ফাইজুর রহমানের সঙ্গে তার ছোট বোন লাকির বিয়ে হয়। বিয়ের দীর্ঘ কয়েক বছর পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না। পরে ভাগলপুর জহুরুল ইসলাম কলেজ ও হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. ইসমত আরার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন। অবশেষে দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন তার বোন।
তিনি আরও জানান, বিষয়টি যেমন আনন্দের তেমনি চিন্তারও। কারণ চার শিশুর বাবা একজন দরিদ্র মানুষ। তিনি স্থানীয় বাজারের দোকানে দর্জির কাজ করে সংসার চালান। এতে চার শিশুসন্তানের লালন-পালন অনেক কষ্ট হবে।
তিনি চার সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন।
জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান জানান, চার নবজাতকের তিনজনের দুই কেজি করে। এক বাচ্চার ওজন এক কেজি ৯৫০ গ্রাম। এরা সবাই সুস্থ আছে। তবে তাদের মা অসুস্থ থাকায় আইসিইউতে আছেন। বাচ্চাদের খাবারের ব্যবস্থা হাসপাতাল থেকেই করা হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম