গত দুই বছর করোনাভাইরাসের কারণে দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় কোনো ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়নি। তবে এবার ঈদুল ফিতরের ১৯৫তম জামায়াত অনুষ্ঠিত হবে।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মোবাইল ফোন নিয়ে কেউ মাঠে যেতে পারবেন না।
এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
তিনি জানান , করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামায়াতের আয়োজন করা হবে। সকাল ১০টায় জামায়াত শুরু হবে। এতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
জেলা প্রশাসক জানান, দীর্ঘদিন ধরে দেশের সবচেয়ে বড় ঈদের জামায়াত না হওয়ায় মানুষের মনে আক্ষেপ ছিল। এবার আর সেই আক্ষেপ থাকবে না। এবারও দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে। মাঠ ও শহরকে দৃষ্টিনন্দনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম