বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে পিতা খুন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জীবনদুয়ারী উত্তর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শরণখোলা থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকালে ঐ গ্রামের বৃদ্ধ মতিউর রহমানের (৭৫) কাছে তার পুত্র আলাউদ্দিন টাকা চায়। বাবা টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে মানসিক প্রতিবন্ধী পুত্র আলাউদ্দিন ঘরে থাকা শীলনোড়া দিয়ে পিতা মতিউরের মাথায় এলোপাতাড়ি আঘাত করে ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।
শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পুত্রকে আটক করেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট পাঠানো হবে। হত্যাকারী আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম