চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। সোমবার দুপুর আড়াইটার দিকে কাদিপুর স্কুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম (২২) লোকনাথপুর পশ্চিমপাড়ার এনামূল হকের ছেলে। আহত মোটরসাইকেল চালক তানজিল (২৩) একই গ্রামের তারিখের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে দুই বন্ধু সেলিম ও তানজিল মোটরসাইকেলে করে লোকনাথপুর থেকে কাদিপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাদিপুর স্কুল মোড়ে পৌছানোর পর হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তানজিলকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক যুবকের প্রাণহানি হয়েছে এবং আরেকজন চিকিৎসাধীন। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম