বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে স্বর্ণ লোপাটের ঘটনায় পাঁচ জন উদ্ধার, পৃথক কান্ডে আরও নিখোঁজ ২


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-11-05
জীবননগরে স্বর্ণ লোপাটের ঘটনায় পাঁচ জন উদ্ধার, পৃথক কান্ডে আরও নিখোঁজ ২

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের গোয়ালপাড়ায় ৫ কেজি স্বর্ণের বার লোপাটের ঘটনায় অপহৃত ৫ জনকে ২৩ দিন পর যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার একটি গোডাউনের বন্দিদশা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঝিকড়গাছা পুলিশের সহযোগিতায় জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে বন্দিদশা থেকে উদ্ধার করেছে। এ দিকে নতুন করে আবার এক কেজি স্বর্ণের বার লোপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নতুনপাড়া গ্রামের দুইজন নিখোঁজ রয়েছে।

জীবননগর থানা পুলিশ জানিয়েছে, যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার হাজারিবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউল ইসলামের একটি খামারের গোডাউনে বন্দ্বিদশা থেকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শফি উদ্দিন (৩২) তার পিতা আনার (৫৫), মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০) ও শওকত আলীর ছেলে হাসানকে (২৭) উদ্ধার করা হয়। গত ১৩ ও ১৪ অক্টোবর স্বাক্ষী দেওয়ার কথা বলে বাড়ি থেকে এদেরকে ডেকে নিয়ে বন্দি করে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট। এদেরকে বন্দি করে তারা মুক্তিপণ হিসেবে একই গ্রামের স্বর্ণ লোপাটকারী সীমান্ত ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ ও শাহিনকে চাচ্ছিলো। এ অবস্থায় সোমবার রাতে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিহরনগর গ্রাম থেকে অপহরণ কান্ডে জড়িত মৃত আব্দুল গণির ছেলে আজিজুল হক (৪৭) ও মো. মুন্নাফের ছেলে আমিরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ যশোরের ঝিকড়গাছায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। এ দিকে নতুন করে আবার নতুনপাড়া সীমান্ত দিয়ে পাচারকালে এক কেজি স্বর্ণের বার লোপাট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গত ৩তিন ধরে নতুনপাড়া গ্রামের মিঠুর ছেলে শামীম ও রাসেল নামে দুই জন নিখোঁজ রয়েছে। 

উল্লেখ্য, গত ১২ অক্টোবর ভারতে পাচারকালে গোয়ালপাড়া বাজারে হতে কৃষকদল নেতা মজিদ ও শাহিন কৌশলে ১২ কোটি টাকা মূল্যের ৫ কেজি স্বর্ণের বার লোপাট করে। এ ঘটনায় স্বর্ণ বহনকারী শফি ও তার পিতা আনার এবং অপর তিন কৃষক স্বপন, আবুল ও হাসানকে অপহরণ করা হয়। এ ঘটনায় ২১ অক্টোবর অপহৃত হাসানের পিতা শওকত আলী বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহৃতদের উদ্ধারের জন্য পরিবারের সদস্যরা গত ১ নভেম্বর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।  

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, অপহৃত ৫ জনকে ঝিকড়গাছা উপজেলার কুল্লা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। নতুন করে নতুনপাড়া গ্রাম থেকে ২জনের নিখোঁজের ব্যাপারে কিছু জানা নেই। অভিযোগ পেলে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম