চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান চালান।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক আলমডাঙ্গা উপজেলার একাত্তর ও হাজী মোড় এলাকায় তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযানে ক্লিনিক, ডায়াগনস্টিক ও ওষুধ তদারকি করা হয়। তদারকির সময় মেয়াদ উত্তীর্ণ ডেঙ্গু টেস্ট কীট, ইউরিন টেস্ট কীট ল্যাবে (ফ্রিজে) সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় কনা নাসিং হোমের স্বত্বাধিকারী মাহমুদ শাহরিয়ার আতিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা, মেয়াদ উত্তীর্ণ টেস্ট কীট/রিএজেন্ট ব্যবহার না করা এবং অন্যান্য ত্রুটি সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম