জীবননগর উপজেলার সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ভৈরব নদে গিয়ে পড়ছে। এ কারণে ভৈরব নদের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এ ঘটনায় ভৈরব নদের পার্শ্ববর্তী গ্রামগুলোর মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। গ্রামগুলোর মানুষের মধ্যে কে বা কাহারা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে উজান থেকে পানি এসে ভৈরব নদের পানি বৃদ্ধি পাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে জীবননগর উপজেলার সিংনগর বাওড়ের বাঁধের কিছু অংশ ভেঙে যায়। এরপর ওই বাওড়ের পানি ভাঙা যায়গা দিয়ে প্রবল বেগে ভৈরব নদে গিয়ে পড়ছে। এতে ভৈরব নদের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সোমবার সন্ধ্যার আগে সন্তোষপুর গ্রামের ভৈরব নদের ব্রীজের নিচ দিয়ে প্রবল বেগে পানির স্রোত দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় কে বা কাহারা ওই এলাকায় অপপ্রচার করেন, উজান থেকে পানি আসছে। খবর পেয়ে গ্রামের অনেকেই পানির স্রোত দেখতে ভৈরব নদের পাড়ে ভীড় জমান।
পরে পানির উৎসস্থল নিশ্চিত হওয়ার জন্য সিংনগর বাওড়ে গিয়ে দেখা যায় বাওড়ের বাঁধ ভেঙে পানি ভৈরব নদে গিয়ে পড়ছে।
সিংনগর গ্রামের রফিকুল ইসলাম বলেন, সোমবার বিকেলে হঠাৎ করেই সিংনগর বাওড়ের বাঁধের কিছু অংশ ভেঙে যায়। ভেঙে যাওয়া অংশ দিয়েই বাওড়ের পানি প্রবল বেগে ভৈরব নদে গিয়ে পড়ছে। তবে এতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম