মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোর পাঁচটার সময় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল। জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলার এজাহারে আশরাফুজ্জামান হিসামের নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মাগুরার আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তালাবদ্ধ একটি ব্যাগসহ আশরাফুজ্জামান হিসামকে গ্রেফতার করা করে থানায় নেওয়া হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার খবর পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। আশরাফুজ্জামান হোসেনকে নিতে মাগুরা সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাগুরা থেকে পুলিশ দল আসার পর আশরাফুজ্জামানের ব্যাগের তালা খুলে দেখা হবে। ধারণা করা হচ্ছে, ব্যাগের মধ্যে তার পাসপোর্ট আছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম