জীবননগরে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে জীবননগর পাইলট হাইস্কুল পাড়ায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জীবননগর পৌর এলাকায় বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
এসময় মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা ১২ বস্তা বাংলা টিএসপি সার পাওয়া যায়। অভিযুক্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিজানুর রহমানকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহা আলম উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম