চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ দু' নারী কারবারীকে গ্রেফতার করেছে।
সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার দেহাটি গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদসহ ওই দু'নারী কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু'নারী হলেন, জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সরদার পাড়ার সুবল কুমার বিশ্বাসের মেয়ে দিপালী বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের মৃত তাপস কুমারের স্ত্রী বুলবুলী রানী (৪০)। সোমবার রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে একটি দল জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সরদার পাড়ায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় অভিযান চালায়। এ সময় বুলবুলি রানীর বসত ঘর হতে ৫০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। পরে দিপালী বিশ্বাসের নিজ দখলীয় বসত ঘর হতে ৪০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মো. বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় পৃথক দুইটি মামলা রুজু করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম