চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে লাইনচ্যুত গার্ডব্রেকটি উদ্ধার কাজ শেষে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েয়ে। রাত সাড়ে ১০ টার সময় উথলী রেলস্টেশনের পার্শবর্তী স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিষয় টি নিশ্চিত করেছেন উথলী স্টেশন মাষ্টার মিন্টু কুমার রায়।
এর আগে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকট শুক্রবার বিকেল ৫ টা ৩৮ মিনিটের সময় উথলী স্টেশনের আপ পয়েন্টে একটি মানবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এ ঘটনার পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া উথলীর পার্শবর্তী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা ট্রেন এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেনগুলোতে থাকা যাত্রীরা ভোগান্তির শিকার হন।
উথলী স্টেশন মাষ্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে চিটাগুড়বাহী একটি মানবাহী ট্রেন সিরাজগঞ্জ অভিমুখে যাওয়ার সময় শুক্রবার বিকেলে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। এরপর রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন ক্রস করার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় স্টেশনের আপ পয়েন্টের কাছে মানবাহী ওই ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এর পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাথে সাথে বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়। রাত ১০ টার সময় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। আধা ঘন্টা ব্যাপী উদ্ধার কাজ শেষে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম