চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের উদ্যোগে সরোজগঞ্জ বাজারের বিভিন্ন মোড়ে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম-সেবা) নির্দেশনায় জেলা পুলিশের তত্ত্বাবধানে এ পথসভা আয়োজিত হয়। পথসভায় বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক, পাখি ভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালক, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রাস্তায় সুশৃংখলভাবে চলাচল করার নিয়মনীতি, ট্রাফিক নিয়ম মেনে চলা, মহাসড়কে যত্রতত্র যাত্রী না নেওয়াসহ সচেতনতামূলক বিষয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত গাড়ি চালকেরা ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ বিষয়ে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, সড়কে নির্বিঘ্নে ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সামনে পবিত্র কোরবানি ঈদকে সামনে করে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ঈদের পর পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রেখে চলাচল করতে জেলাবাসীর প্রতি আহবান থাকবে। সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলেও জানান পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন, টিআই প্রশাসন আমিরুল ইসলাম, টিআই সোহেল রানা, সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট আশরাফুজ্জামান, টিএসআই মোমিন হোসেন প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম