চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ২২জন আহত হয়েছেন। আহতরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের জোড়াতলা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে শাখাওয়াত হোসেন (৩৫), আফছার আলীর ছেলে মিলন হোসেন (৩০), নুর হকের ছেলে রকিবুল রহমান (৩৮), মাহাবুবুর রহমান (৪০), মাহাবুবুর রহমানের ছেলে তানভির (২৫), মৃত আফসার আলীর ছেলে আব্দুল আলিম (৩৫), মস্তবারী মন্ডলের ছেলে ইউনুস আলী (৫০), তাহাজ উদ্দীনের স্ত্রী রশিদা খাতুন (৪০), সামসুলের স্ত্রী আছিয়া খাতুন (৩০), সামসুল হকের ছেলে হায়দার আলী (৫০) হায়দার আলীর ছেলে হাসিবুর (১৯), তাহাজ উদ্দীনের ছেলে শহিদ (১৮), রাশিদুল ইসলামের ছেলে ইনামুল (২২), নাজের আলীর ছেলে শরিফুল (৩৫), নাজের মন্ডলের ছেলে রফিকুল (৫০), খোদা বক্সের ছেলে বাবলু (৪০), বিল্লাল হোসেনের ছেলে জুবায়ের হোসেনসহ (৩৫) অজ্ঞাত আরও ৫ জন ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল হকের ছেলে হায়দার আলী ও মৃত আফসার আলীর ছেলে আব্দুল হালিম গংয়ের সঙ্গে উপজেলার উত্তরচাঁদপুর গ্রামের জোড়াতলা মাঠে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ ওই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে হালিম গং ওই জমিতে পাট বুনতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২২ জন আহত হয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহামিদা আক্তার রুনা বলেন, মারামারির ঘটনায় সকাল থেকে আহত রোগী আসছে। বর্তমামে এখানে ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়াও গুরুতর আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনি। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম