চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল নামকস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহির তাজওয়ার তাজ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তারই বন্ধু মোটরসাইকেল আরোহী শাহেদ (১৫)।
বুধবার (০২ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কের নয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহির তাজওয়ার তাজ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের ড্যাফোডিয়াল বিদ্যালয়ের অধ্যক্ষ ইউসুফ আলীর ছেলে। এবং আহত শাহেদ একই গ্রামের আজিরের ছেলে। নিহত তাজ মুন্সিগঞ্জ একাডেমি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। আহত সাহেদ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে তাজ ও তার বন্ধু মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদরের কেটের বিলে ঘুরতে যাচ্ছিল। তাজ মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় নয়মাইল নামকস্থানে পৌছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা দু'জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় রাজশাহী নেয়ার পথে তাজ নামে একজন মারা গেছে বলে জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম