চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় দ্রুতগতির আলমসাধুর (তিন চাকার অবৈধ যান) ধাক্কায় চম্পা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে রোকসানা খাতুন। রোববার (২ মার্চ) রাতে উপজেলার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা বাঁধন এগ্রো ফার্মের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চম্পা খাতুন (৫৭) হেমায়েতপুর গ্রামের বুলু মিয়ার স্ত্রী। আহত মেয়ে রোকসানা খাতুন (২৪) দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় ওই দিন রাত সারে ৯ টার দিকে, চম্পা খাতুন ও তার মেয়ে রোকসানা খাতুন পাখিভ্যানযোগে জুড়ানপুরের দিকে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে হোগলডাঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন।
স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চম্পা খাতুনকে মৃত ঘোষণা করেন। তার মেয়ে রোকসানা খাতুনকে ভর্তি রাখা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম