চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে পৌনে ৩ কোটি টাকা মূল্যের ৪টি স্বর্ণের বার উদ্ধার
সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-02-28
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকা মূল্যের ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদেরকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একটি টহলদল বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্ত পিলার ৯৬/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে অবস্থান নেয়। বিজিবির টহলদল সন্ধ্যা ৬ টার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে মো. হারুনের (৩৫) বসতবাড়ীর অদূরে একটি পরিত্যাক্ত গোয়াল ঘরে তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক মো. হারুন কৌশলে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল গোয়াল ঘরের ভেতরে ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা টেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেট জব্দ করে।
বিজিবি টহলদল জব্দকৃত প্যাকেট হতে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২ দশমিক ৩৩৫ কেজি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। এ ব্যাপারে নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করতঃ জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম