দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মেহফুজ মিল্টনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সেলিম মেহফুজ মিল্টন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মেহফুজ মিল্টনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে দর্শনা এলাকা থেকে দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম মেহফুজ মিল্টন গ্রেপ্তার করে। পরে তার বাড়িতে তল্লাশি করে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, অগ্নি সংযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম