চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি-কৃষ্ণপুর গ্রামে আলিফ (৩) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের মোহাম্মদ হাসানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শিশু আলিফের মা রুপালী খাতুন বাড়ির মধ্যে গরুর গা ধোয়াচ্ছিলেন। এ সময় শিশু আলিফ তার মায়ের কাছে ছুটে আসে। ওই সময় রুপালী খাতুন গায়ে পানি পড়বে বলে আলিফকে ঘরে যেতে বলেন। এরপর সে খেলতে খেলতে মেইন গেট পার হয়ে বাড়ির সামনে পুকুরের পাড়ে চলে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। প্রায় আধাঘন্টা পর আলিফকে বাড়ির ভেতর না পেয়ে মা রুপালী খাতুন বাড়ির বাইরে খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে তার পায়ে একটি স্যান্ডেল পুকুরের পাড়ে পড়ে থাকতে দেখেন। এরপর আরেকটি স্যান্ডেল পুকুরের পাড়ে ভাসতে দেখেন।
ওই সময় রূপালী খাতুন আলিফকে খোঁজার এক পর্যায়ে তার মরদেহ পানিতে ডুবে থাকা অবস্থায় তুলে আনেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জানান, বেলা ২টার দিকে আলিফ নামের ওই শিশুকে হাসপাতালে তার পরিবারের সদস্যরা নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম