চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে। মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার সময় পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে।
প্রাপ্ত এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং দিকনির্দেশনা মোতাবেক বাড়াদী বিওপির কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় জওয়ানদের নিয়ে সীমান্তের শূন্যরেখা হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেয়। সকাল পৌনে ১০ টার সময় বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভেতরে থাকা ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করে। এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করতঃ জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম