চুয়াডাঙ্গা জেলার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর দিয়ে ভারত থেকে শুধু সিমেন্ট তৈরীর কাঁচামাল (ফ্রাই এ্যাস) ও খৈল (ডিওসি) ছাড়া সব ধরনের মালামাল আমদানি বন্ধ রয়েছে। এ কারণে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন বন্দরের শ্রমিকরা। কমেছে রাজস্ব আয়ও। ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মালবাহী ওয়াগনে করে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। দ্রুত সময়ে পণ্য আমদানি ও খালাসের পর সেগুলো নির্দিষ্ট স্থানে চাহিদামতো সরবরাহ করা হয়। কিন্তু বর্তমানে সিমেন্ট তৈরির কাঁচামাল ও পোল্ট্রি ফিড তৈরির খৈল ছাড়া অন্য কোনো পণ্য আমদানি হচ্ছে না। আবার আমদানির পরিমাণ খুবই কম। দর্শনা রেলবন্দরে ভারতীয় মালবাহী ট্রেন প্রবেশ না করায় বন্দরের শ্রমিক, সিঅ্যান্ডএফ কর্মচারী ও সারাদেশ থেকে আসা ট্রাকচালক এবং হেলপাররা অলস সময় পার করছেন। নানা কারণে আমদানি কমেছে এ বন্দরে। তবে ব্যবসায়ীদের মতে, ব্যাংক চাহিদামতো এলসি অনুমোদন না করায় পণ্য আমদানি করা যাচ্ছে না। অল্প কিছু পণ্য আমদানি হলেও রেল ইয়ার্ডে নেই আগের মতো সেই কর্মব্যস্ততা।
শ্রমিক ও ট্রাকচালকরা জানান, কাজ না থাকায় অলস সময় পার করতে হচ্ছে। যার প্রভাব পড়ছে সংসার খরচে। এভাবে চলতে থাকলে পথে বসা ছাড়া উপায় নেই।
বন্দরের শ্রমিক মিনারুল ইসলাম বলেন, আগের সেই ব্যস্ততা নেই বন্দর এলাকায়। শুয়ে-বসে দিন কাটাই। সবকিছু দ্রুত স্বাভাবিক হোক এটাই চাই আমরা। আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে এখন।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে ২০২২-২৩ অর্থ বছরে ২ হাজার ৭৯৮টি ওয়াগনে ১২ লাখ ৩২ হাজার ৬১৬ মেট্রিক টন খাদ্যদ্রব্যসহ অন্যান্য পণ্য আমদানি হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ৫৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে ৯ হাজার ৭শ' ৪৯ ওয়াগনে আমদানি হয়েছে ৫ লাখ ৭৬ হাজার ৫৫৯ মেট্রিক টন পণ্য। যা থেকে রাজস্ব আয় হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ টাকা। আর চলতি অর্থ বছরের প্রথম চার মাসে ১ হাজার ৫ শ' ৫৪ ওয়াগনে ৯১ হাজার ৯৭৭ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এতে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম চার মাসে রাজস্ব আয় হয়েছে ৪ কোটি ১২ লাখ টাকা।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের মাস্টার মির্জা কামরুল হক মুঠোফোনে জানান, আপাতত কোন খাদ্যদ্রব্য আমদানি হচ্ছে না। যে দুটি পণ্য আমদানি হচ্ছে তা হলো সিমেন্ট তৈরির কাঁচামাল ও পোল্ট্রি ফিড তৈরির কাঁচামাল খৈল। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে পণ্য আমদানি কমেছে। এতে রাজস্ব আদায়ও কমেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম