বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান: মির্জা ফখরুল


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-11-23
দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান: মির্জা ফখরুল

এই দেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে শেখ মুজিবুর রহমান। ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত ফ্যাসিবাদ রাষ্ট্র কায়েম করেছিল এই শেখ মুজিব। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে উপস্থিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বেশ উচ্ছ্বসিত ছিলেন।

জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের গোপন ভোটে জেলা বিএনপির শীর্ষ নেতারা নির্বাচিত হবেন। সর্বশেষ ১৯৯৯ ও ২০১০ সালে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সম্মেলন উপলক্ষে সকাল ৯টা থেকেই ডেলিগেট, কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন। সকাল ১০টার মধ্যে সম্মেলনস্থল টাউন ফুটবল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা মঞ্চে আসন গ্রহণের পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পক্ষ থেকে দলীয় সংগীত পরিবেশন করা হয়। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত বাবু কুমার কুণ্ডু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ কখনই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি কেমেস্ট্রিতে গণতন্ত্র নেই। পুরোটাই তারা ফ্যাসিবাদী। ১৯৭২ থেকে ১৯৭৫ এই সময় ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিব। তাই এই দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, চায়ের দোকানে বা রেস্টুরেন্টে দেখবেন টেবিল চাপড়ে যে সবচেয়ে জোর করে কথা বলছেন, কাউকে কথা বলতে দিচ্ছেন না, তিনিই হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বডি ল্যাঙ্গুয়েজ এমনই।

 বিএনপি মহাসচিব আরও বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদেরকে কোথাও কুপিয়ে, কোথাও গুলি করে হত্যা করে গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া পুলিশকে ব্যবহার করেও হত্যা করা হয়েছে। গায়েবি মামলা দেয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়।

‘জনরোষে পালিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ। তাই এখন এসব থেকে আল্লাহর রহমতে বেরিয়ে এসেছে বাংলাদেশ’, যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে নিহত দলের নেতা-কর্মীদের স্মরণে মঞ্চে শোক প্রস্তাব উত্থাপন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহেদুজ্জামান। সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ছাত্র-জনতা, বিএনপি ও সহযোগী সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আবদুল জব্বার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা ছাত্রদলের সভাপতি শাহ জাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জাসাস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি কামরুজ্জামান বাবলু, জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তবারক আলী।

এবার জেলা বিএনপির সভপাতি পদে প্রার্থী হিসেবে বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। তবে সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট হবে। এ দুটি পদে প্রার্থী রয়েছেন ৬ জন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে লড়ছেন জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ ও মিলিমা বিশ্বাস মিলি। আর সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সফিকুল ইসলাম পিটু, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, খালিদ মাহমুদ মিল্টন ও মোমিনুর রহমান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম