চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে শাহার আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শাহার আলী দামুড়হুদা উপজেলার জয়রামপুর নওদা পাড়া গ্রামের মৃত নবীছদ্দীর ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে জয়রামপুর নওদা পাড়া গ্রামের পুটিমারী খালের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শাহার আলি বৃহস্পতিবার বিকালে গ্রামের পুটিমারী খাল মাঠে গরু চরাতে যায়। এ সময় বজ্রপাত হলে শাহার আলি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক ফাহমিদা আক্তার রুনা তাকে মৃত ঘোষনা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, বজ্রপাতে আহত শাহার আলী নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম