বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

বিজিবির অভিযানে পৌনে ৫ কোটির টাকার স্বর্ণসহ আটক ৩


সালাউদ্দিন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2024-07-17
বিজিবির অভিযানে পৌনে ৫ কোটির টাকার স্বর্ণসহ আটক ৩

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে পৌনে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ১৪ দশমিক ৫৯ গ্রাম স্বর্ণসহ ৩ কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো- দিনাজপুর জেলার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কান্তিপালের ছেলে তপু পাল (৩৭), সিরাজগঞ্জ জেলার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী (৪২) এবং একই জেলার সারুটিয়া গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)। বুধবার ভোর সাড়ে ৫ টার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফতেপুর নামক স্থানে যাত্রীবাহী বাস তল্লাশি করে বিজিবি সদস্যরা স্বর্ণসহ ওই ৩ কারবারিকে আটক করে। 

বুধবার দুপুরে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫ টার সময় সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি টহলদল মহেশপুর-জীবননগর মহাসড়কের ফতেপুর শিশুতলা নামক স্থানে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করেI ওই বাস হতে সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের শরীর তল্লাশী করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৪ টি করে মোট ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫ কেজি ১৪ দশমিক ৫৯ গ্রাম এবং আনুমানিক মূল্য চার কোটি পঁচাশি লাখ একাশি হাজার টাকা। 

স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন ও নিজ জিম্মায় রাখায় আটককৃত আসামীদের মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এইচ এম সালাউদ্দীন চৌধুরী স্বর্ণসহ ৩ কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম