চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮ টি স্বর্ণের বারসহ আকরাম হোসেন (৩০) নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার বেলা সাড়ে ১২ টার সময় দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বাগানপাড়া এলাকা থেকে স্বর্ণসহ ওই চোরাকারবারীকে আটক করে বিজিবি।
আটককৃত স্বর্ণ চোরাকারবারী আকরাম হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। বুধবার বিকেল ৩ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়, বিজিবি সদস্যরা বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারেন বুধবার সকালে ঠাকুরপুর বাগানপাড়ার মধ্যে দিয়ে স্বর্ণের একটি বড়ো চালান পাচার করা হবে। এ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং দিক-নির্দেশনা মোতাবেক ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের ৯০ নং মেইন পিলার হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর বাগানপাড়া বটগাছ তলায় অবস্থান নেয়। বেলা সাড়ে ১২ টার দিকে বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরে আটককৃত মোটরসাইকেল চালক মো. আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় তার কোমরের সাথে লুঙ্গির ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৪টি প্যাকেটে ৮ টি স্বর্ণের বার আছে। পরে বিজিবি সদস্যরা তার কোমর হতে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করে।
আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম