চুয়াডাঙ্গা জেলার জীবননগরে সড়ক দুর্ঘটনায় জিয়ারুল (৪৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর-যশোর মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়ারুল হক জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত জহির মণ্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলযোগে জীবননগর বাজারে যাচ্ছিলেন জিয়ারুল। সে বাঁকা ব্রিকস ফিল্ড নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরচালিত পাখিভ্যানের সাথে তার ধাক্কা লাগে। এসময় জিয়ারুল সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি লনিশ্চিত করে বলেন , সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গেছে।