গত কয়েক দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র ও অতি তিব্র তাপদাহ। তাপদাহের কারণে ইতোমধ্যে জেলায় হিট ওয়েভ জারি করে মাইকিং করা হচ্ছে।
এরই মধ্যে শনিবার (২০ এপ্রিল) জেলার দামুড়হুদায় হিটস্ট্রোকে জাকির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭ টার দিকে মাঠে কৃষিকাজ করার সময় সে হিটস্ট্রোকে আক্রান্ত হন। এসময় মাঠে কাজ করা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জাকির হোসেন দামুড়হুদা উপজেলার উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জেষ্ঠ পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, শনিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৫৮ শতাংশ এবং বেলা ১২ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস এবং বিকেল ৩ টার সময় তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা চিল ১৮ শতাংশ।
নিহত জাকির হোসেনের পিতা আমির হোসেন জানান, প্রচন্ড রোদে মাঠের ধান মরে যাচ্ছে। ধানের জমিতে সেচ (পানি) দেওয়ার জন্য জাকির সকাল ৭ টার দিকে মাঠে যায়। মাঠে যাওয়ার ১ ঘন্টা ঘন্টা পর বাড়িতে খবর আসে ছেলে মাঠে স্ট্রোক করেছে। মাঠের অন্য কৃষকরা ছেলেকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে কথা বলার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার অফিসিয়াল মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম