চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহফুজুর রহমান (১৭) নামে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে আরোহী নিহতের বন্ধু মাহমুদুল হাসান নয়ন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। এর আগে সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত অপরজন মাহমুদুল হাসান নয়ন (১৭) একই গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে দর্শনার দিকে ফিরছিল মাহফুজুর রহমান ও তার বন্ধু মাহমুদুল হাসান নয়ন। তারা উথলী গ্রামের মোল্লাবাড়ি নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে বিকেল ৩ টার সময় মারা যায় মাহফুজুর রহমান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ জানান, আহত মাহমুদুল হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, দুর্ঘটনার পর পালিয়ে গেছে ট্রাকের চালক ও সহকারি। জব্দ করা হয়েছে ট্রাকটি। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম