চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে সেলিম উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ডাকতার অন্যত্র রেফার্ড। করেন।
শুক্রবার বিকেল ৩ টার দিকে জীবননগর উপজেলার উথলী-বেগমপুর সড়কের ছোটপুল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উদ্দিন দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৪) ও নজরুল ইসলামের ছেলে স্বপন আলী (২৫)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, বিকেলে মোটরসাইকেলযোগে বেগমপুর থেকে উথলীর দিকে আসছিল তিন যুবক। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উথলী-বেগমপুর সড়কের ছোটপুল নামক স্থানে ব্রীজের সাথে ধাক্কা মারে। এতে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা।
তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষনা করেন। বাকী দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ওসি আরও জানান,ঘটনাস্থল থেকে আধা বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে। ওই তিন যুবক নেশাগ্রস্থ অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম