চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের পাশে মাথাভাঙ্গা নদী থেকে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজিনা আক্তার রোজি নামের মৃত ব্যক্তির বয়স (৪০) চল্লিশ। চুয়াডাঙ্গা পেীর এলাকার রুস্তম মল্লিকের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে রোজি।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ। দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে দামুড়হুদা মডেল থানা পুলিশ সকাল (৮) আট টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন নদীতে গোসল করতে গিয়ে অজ্ঞাত এক নারীর মরদেহ নদীর কিনারায় ভাসতে দেখে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে এসে মরদেহটি নদী থেকে উঠিয়ে থানায় নেয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ নদী থেকে ৩৫-৪০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, পরে সকাল সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ গ্রামের রুস্তম আলী থানায় এসে মরদেহটি সনাক্ত করে জানান, এটি তার প্রতিবন্ধি মেয়ে রোজিনা আক্তার রোজি (৪০)।
নিহত রোজির পিতা রুস্তম আলী বলেন, রোজি গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। তখন থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পায়নি আমরা। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ের ছবি ও ভিডিও দেখে সনাক্ত করি এটি আমার মেয়ের মরদেহ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম