চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযান চালিয়ে দু'প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ফার্মেসি, সার, তেল, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।এসময় মেসার্স বিশ্বাস মেডিনোভা নামক ফার্মেসিতে ভালো ওষুধের প্যাকেটে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করে বিক্রির প্রমান পাওয়া যায়। এছাড়া বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: সাইফুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এবং ওই ফার্মেসির সকল অনিয়ম ঠিক করার জন্য ৭ দিনের সময় বেঁধে দেয়া হয়। এছাড়া একই অপরাধে মেসার্স হায়দার ফার্মেসির মালিক মো. হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে দু'টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।অভিযানে কার্পাসডাংগা পুলিশ ফাঁড়ির একটি টিম সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম