চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।আজ রোববার (২৮ মে) সকাল ১০টার দিকে জীবননগর-দর্শনা আঞ্চলিক সড়কে লক্ষীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ জীবননগর উপজেলার আলীপুর গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, আলাউদ্দিন সকাল ৯ টার দিকে বাইসাইকেলযোগে জীবননগর বাজারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। বাজারে যাওয়ার পথে লক্ষীপুরের দেশ বাংলা অটো রাইস মিলের নিকট পৌছালে দর্শনার দিক থেকে আসা একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে পাকা রাস্তার উপর পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া জানান, নিহতের মাথায় মারাত্মকভাবে আঘাত লাগার কারণে রক্তক্ষরণে হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম