চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রাম থেকে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ মোছা. শাহানারা (৪৮) নামে এক মহিলা সোনা পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা।
আটককৃত সোনা পাচারকারী মহিলা শাহানারা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মৃত কাশেম আলীর স্ত্রী। বুধবার (২৪ মে) দুপুর একটার দিকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) বুধবার সন্ধা ৭ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তগর্ত বাড়াদী সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বাড়াদী বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৯/৬ আর হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান নেয়।
দুপুর একটার দিকে একটি অটো রিক্সা দর্শনা থেকে নাস্তিপুর সীমান্ত দিকে যেতে দেখলে বিজিবি টহল দল অটো রিক্সাটির গতিরোধ করে। টহল দল অটো রিক্সায় অবস্থানকারী ব্যক্তিবর্গের মধ্যে একজন বোরকা পরিহিত মহিলাকে সন্দেহ করে। সন্দেহ ভাজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ কালে তার কাছে কোন চোরাচালানী পণ্য নেই মর্মে বিজিবি টহলকে অবহিত করে। পরবর্তীতে বিজিবি টহল দলের মহিলা সদস্যগণ আটককৃত চোরাকারবারী মোছাঃ শাহানারা, স্বামী, মৃত-মোঃ কাশেম, গ্রাম-নাস্তিপুর, পোষ্ট ও থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এর দেহ তল্লাশি করে বুকের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট হতে ২০টি স্বর্ণের বার ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত সোনার ওজন ২ কেজি ৩৪১ গ্রাম। এ বিষয়ে হাবিলদার মো. ওবাইদুর রহমান দর্শনা থানায় মামলা দায়ের করে আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর করেছে। এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম