চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় সাক্ষী দেওয়ায় ইশারন খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশারন খাতুন আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারি গ্রামের উত্তরপাড়ার ফজলুর রহমানের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী জিন্নাহ আলীকে আটক করেছে পুলিশ। আটক জিন্নাহ আলী একই গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামের বানাতখাল মাঠে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০০ বিঘা জমির ভুট্টাক্ষেতসহ পানের বরজ পুড়ে যায়। অভিযোগ উঠে স্থানীয় চাষি জিন্নাহ আলী তার নিজের ভুট্টা খেতে আগুন দিলে সেই আগুন ছড়িয়ে পড়ে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার সাক্ষী দেন বৃদ্ধা ঈশারন খাতুন। এতে জিন্নাহ আলীকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়। ধারণা করা হচ্ছে এই ঘটনার জের ধরে সোমবার রাত ১০টার দিকে বৃদ্ধার নিজ বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে জিন্নাহ আলী।তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ক্ষতস্থানে অসংখ্য সেলায় দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া নেওয়ার পরামর্শ দেন। তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে রাজশাহী নেওয়ার পথে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনার পর পরই আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযান চালিয়ে অভিযুক্ত জিন্নাহ আলীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম