জীবননগর সীমান্ত থেকে দু' কোটি মূল্যের প্রায় আড়াই কেজি ওজনের ২০টি স্বর্ণেরবারসহ শাহাবুল মিয়া (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
রোববার রাত ৯টার দিকে জীবননগর বিজিবি ক্যাম্পের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক শাহাবুল মিয়া জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের মৃত মোকছেদ মন্ডলের ছেলে।
রোববার রাত ১০টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ কর্মীদেরকে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন একজন ভ্যানচালক ভ্যানযোগে জীবননগর এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাবে। খবর পেয়ে নতুনপাড়ার বিওপির একটি বিশেষ টহল দল জীবননগর এলাকায় অবস্থান নেয়। রাত ৯ টায় ভ্যানচালক জীবননগর অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল জীবননগর বিজিবি ক্যাম্পের পাশে থেকে ভ্যান তল্লাশি করে ভ্যানের সীটের পেছনে লুকানো অবস্থায় ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার, ১টি ভ্যানসহ চোরাকারবারী শাহাবুল মিয়াকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৯২ টাকা।
তিনি আরও বলেন, স্বর্ণেরবারের শুল্ক কর ফাকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণেরবারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম